নিঝুম দ্বীপের টেকসই বন ব্যবস্থাপনা: ভবিষ্যতের পথপ্রদর্শক
বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা এক নাম না জানা সৌন্দর্যের লীলাভূমি নিঝুম দ্বীপ (নিঃসৃত দ্বীপ)। এর বিস্তীর্ণ ম্যানগ্রোভ বন এবং চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য প্রতি বছর অসংখ্য পর্যটককে আকৃষ্ট করে।
গত কয়েক দশক ধরে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন ও জীববৈচিত্র্য হ্রাস সারা বিশ্বের জন্য এক ভয়াবহ বাস্তবতায় পরিণত হয়েছে । এর অন্যতম প্রধান কারণ হচ্ছে মাত্রাহীন বন উজাড়।
নোয়াখালীর হাতিয়া উপজেলার বঙ্গোপোসাগর সংলগ্ন নয়নাভিরাম নি:সৃত দ্বীপ (Nijhum Dwip)—যেখানে বিস্তীর্ণ ম্যানগ্রোভ বন ও চিত্তাকর্ষক প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। প্রতি বছর অসংখ্য পর্যটক এখানে ঘুরতে আসে, হারিয়ে যেতে চাই এর গভীর বিস্তৃত সৌন্দর্যে ভরা অরণ্যে। যেখানে রয়েছে ৫ হাজার চিত্রা হরিণ, ৮১ প্রজাতির জলজ ও পরিযায়ী পাখি (Migratory Bird), ১৭১ প্রজাতির বন্যপাখি এবং ১১ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী (Nijhum Dwip CMC & Winrock International, 2014)। এছাড়াও রয়েছে একাধিক বৈশ্বিকভাবে হুমকির মুখে থাকা প্রজাতি। এই বন একই সাথে অসংখ্য পশুপাখির আবাসস্থল এবং সেইসাথে অসংখ্য মানুষের কর্মসংস্থানের উৎস্য।
ভূমি ব্যবহার মানচিত্র (২০০০-২০২৫) (চিত্রঃ১) এবং এর বিশ্লেষণের (সারণি-১) মাধ্যমে দেখা যাচ্ছে যে, গত ২৫ বছরে দ্বীপটির প্রায় ৪৩.১২% ম্যানগ্রোভ বন উজাড় হয়ে গেছে। এর ফলে জীববৈচিত্র্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। হরিণ, স্থানীয় ও পরিযায়ী পাখি, এমনকি স্তন্যপায়ী প্রাণীর সংখ্যাও দ্রুত হ্রাস পাচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, দ্রুত পদক্ষেপ না নিলে নি:সৃত দ্বীপ তার অনন্য বৈচিত্র্য হারিয়ে ফেলবে। তাই বন উজাড় রোধ ও জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভাবনীমূলক উদ্যোগ (সাধারণ উদ্যোগের বাইরে) গ্রহণ করা প্রয়োজন। এই উদ্যোগের মাধ্যমে বন সংরক্ষণে উদ্ভাবনী সমাধান খোঁজা হবে এবং স্থানীয় মানুষকে সম্পৃক্ত করে টেকসই উপায়ে প্রকৃতি রক্ষার কৌশল বাস্তবায়ন করা হবে।
নি:সৃত দ্বীপ (Nijhum Dwip) শুধু প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার নয়, এটি বাংলাদেশের একটি বৈশ্বিক গর্বের সম্পদ। এখনই পদক্ষেপ না নিলে, হারিয়ে যাবে এই দ্বীপের হাজার বছরের সঞ্চিত সম্পদ ও জীববৈচিত্র্য।
চিত্র ১ঃ ল্যান্ডস্যাট চিত্র ব্যবহার করে ২০০০-২০২৫ সালের জমি ব্যবহার বিশ্লেষণ
সারণি-১ঃ নিঝুম দ্বীপের জমি ব্যবহার বিশ্লেষণ (২০০০-২০২৫)
জমির ব্যবহার | এলাকা (একর) (২০০০) | এলাকা (একর) (২০২৫) | শতাংশ (%) | অবস্থা |
|---|---|---|---|---|
বনাঞ্চল | ৫৭১০.৬১ | ৩২৪৭.৭৮ | ৪৩.১২ | হ্রাস |
নগর ও বসতি এলাকা | ৩৬৫.৭৪ | ২৬৬৭.১২ | ৮৬.২৮ | বৃদ্ধি |
জলাশয় | ১৭৬৬.৯৬ | ১৯০.৫১ | ৮৯.২১ | হ্রাস |
কৃষি ভূমি | ১৬৭৫.৪৬ | ১৯৩১.৭২ | ১৩.২৬ | বৃদ্ধি |
চরভূমি | ১৫১৬.৬ | ২৯৯৮.২৪ | ৪৯.৪১ | বৃদ্ধি |
নিঝুম দ্বীপে বন উজাড়ের প্রধাণ কারণসমূহঃ
বন উজাড় কমানোর জন্য প্রথমে বোঝা জরুরি, কোন কোন কারণগুলো এর পেছনে দায়ী। কারণগুলার সঠিক চিহ্নিতকরণের মাধ্যমেই সম্ভব, বন উজাড় রোধের সমাধান বের করা। সাধারণত, কিছু প্রত্যক্ষ (Direct Cause) এবং পরোক্ষ কারণ (Indirect Cause) যেকোন বন নিধনের পেছনে কাজ করে। নিচে সারণি-২ এ নিঝুম দ্বীপে বন উজাড়ের প্রধাণ কারণসমূহ উল্লেখ করা হলঃ
সারণি-২ঃ অরণ্য ধ্বংসের সরাসরি ও পরোক্ষ কারণসমূহ
কারণের ধরণ | কারণ |
প্রত্যক্ষ | অবৈধভাবে গাছ কাটা |
রান্নার জন্য কাঠ সংগ্রহ | |
বিকল্প জীবিকার অভাবে বনভূমির ওপর নির্ভরতা | |
বনভূমির গভীর অংশে সহজ প্রবেশাধিকার | |
জমি দখল | |
অতিরিক্ত পশুপালন | |
কৃষিজমির সম্প্রসারণ | |
প্রাকৃতিক দুর্যোগ | |
পরোক্ষ | জনসংখ্যা বৃদ্ধির কারণে শহর ও বসতি বৃদ্ধি |
দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব | |
আইন প্রয়োগের অভাব | |
কাঠ ও বনজাত পণ্যের চাহিদা বৃদ্ধি | |
সরকারি ও বেসরকারি খাতে অযথা কাগজপত্র ব্যবহারের কারণে বননাশ | |
স্থানীয় জনগণের মধ্যে বন উজাড়ের প্রভাব সম্পর্কে জ্ঞানহীনতা |
বন উজাড় রোধে প্রস্তাবিত উদ্যোগসমূহঃ
১। কমিউনিটি ভিত্তিক বন ব্যবস্থাপনা (CBFM)
- স্থানীয় জনগণ (যারা বনের উপর নির্ভরশীল), এনজিও এবং বন কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করতে হবে, যারা বন সংরক্ষণ, পাহারা, ও গাছ রোপণ কার্যক্রম পরিচালনা করবে।
- মূল ম্যানগ্রোভ বনের চারপাশে বাফার জোন স্থাপন করে সাধারণ মানুষের ও গৃহপালিত পশু (গরু, ছাগল, মহীষ) প্রবেশ নিষিদ্ধ করতে হবে।
- বনে প্রবেশের ক্ষেত্রে, পর্যটক ও স্থানীয়দের জন্য টিকিটিং সিস্টেম চালু করা হবে।
- টিকিট থেকে আয় হওয়া অর্থ থেকে মাসিক বেতন প্রদান ও বনসম্পদ থেকে প্রাপ্ত লাভ কমিটির সদস্যদের মধ্যে ভাগ করে দিতে হবে, যাতে স্থানীয়দের মধ্যে দায়িত্ব ও মালিকানার মানসিকতা গড়ে ওঠে।
- স্থানীয় ছাত্রদের জন্য হোমস্টেড ভিত্তিক গাছ রোপণ প্রোগ্রাম চালু করতে হবে, যেখানে তারা অংশগ্রহণের বিনিময়ে সার্টিফিকেট পাবে।
- যারা বনের উপর অধিক নির্ভরশীল তাদের জন্য বিকল্প জীবিকার সুযোগ নিশ্চিত করতে হবে, যেমন: মাছ ধরার নৌকা, পর্যটক নৌকা, ছাগল পালন, হোমস্টেড বাগান, এবং পর্যটক বহনের জন্য মোটরবাইক ইত্যাদি ক্ষেত্রে সরকারি সহযোগিতা প্রদান করতে হবে।
- কমিটিতে অংশগ্রহণকারী স্থানীয়দের জন্য দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ আয়োজন করা হবে। যাতে বন কীভাবে সংরক্ষণ করতে হয় সেই বিষয়ে বিস্তারিত জ্ঞান লাভ করে।
- সবার জন্য বন সংরক্ষণ, পরিবার পরিকল্পনা, বন উজাড়ের প্রভাব নিয়ে সচেতনতা প্রশিক্ষণ ও কর্মশালা পরিচালনা করতে হবে। নিঝুম দ্বীপ ধ্বংস হলে যে তারাই সবচাইতে বেশী ক্ষতিগ্রস্ত হবে তা বোঝাতে হবে।
২। বিকল্প জ্বালানী ব্যবহারের প্রচারণা
- সকলকে কাঠের বিকল্প জ্বালানি ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে। সোলার কুকার, বায়োগ্যাস চুলা বিতরণ, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের প্রশিক্ষণ ও প্রণোদনা প্রদান করে দাহ্য কাঠের ওপর নির্ভরতা কমাতে হবে।
৩। দুর্নীতি ও প্রশাসনিক তদারকি
- বন কর্মকর্তাদের দুর্নীতি প্রতিরোধের জন্য উচ্চতর কর্তৃপক্ষের নিয়মিত মনিটরিং করা হবে।
৪। ই-গভর্ন্যান্স ও ডিজিটাল শিক্ষা
- দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসে কাগজবিহীন (Paperless) কার্যক্রম ও ডিজিটাল শিক্ষা সম্প্রসারণ করা হবে, যা কাগজের ওপর চাপ কমাতে সহায়ক হবে এবং কাগজ উৎপাদের জন্য গাছের চাহিদা হ্রাস পাবে।
৫। গাছ রোপণ (Tree Plantation)
- প্রধাণ বন ও অব্যবহৃত চর জমিতে গাছ রোপণ করতে হবে। এক্ষেত্রে, বীজ বা ছোট চারা রোপনের পরিবর্তে আদি (Native Plants) বড় গাছ লাগাতে হবে। যেমন কেওড়া, গেওয়া (Nijhum Dwip-এর প্রধান আদি প্রজাতি)। এই গাছ গুলা ম্যানগ্রোভ পরিবেশের সাথে অধিক সহনশীল হওয়ায় অতিদ্রুত বৃদ্ধি পায়। তবে, বন বিভাগের পক্ষ থেকে এই গাছের সরবরাহ নিশ্চিত করতে হবে।
- বন ও চর এলাকায় চারা ও বীজ রোপণ করা হবে। এটি কমিউনিটি ভিত্তিক বন ব্যবস্থাপনা (CBFM)-এর মাধ্যমে বাস্তবায়িত হবে। বন বিভাগের পক্ষ থেকে গাছের সরবরাহ নিশ্চিত করতে হবে।
প্রস্তাবিত সমাধানের কার্যকারিতা/সফলতার সম্ভাবতাঃ
- স্থানীয় গাছের প্রয়োগ: স্থানীয় প্রজাতির গাছ যেমন কেওড়া ও গেওয়া নোনা ও সমুদ্র সংলগ্ন পরিবেশের সঙ্গে স্বাভাবিকভাবে খাপ খায় এবং অ–স্থানীয় গাছের তুলনায় দ্রুত বৃদ্ধি পায়
- কমিউনিটি ভিত্তিক বন ব্যবস্থাপনা (CBFM): সঠিকভাবে বাস্তবায়িত হলে স্থানীয়দের মধ্যে দায়িত্ব ও মালিকানার অনুভূতি তৈরি হবে। তারা বনকে অবৈধ প্রবেশ, কাঠ কাটা ও অতিরিক্ত পশুপালন থেকে রক্ষা করবে। এই প্রক্রিয়ায় স্বয়ংক্রিয় ও কৃত্রিম পুনঃবনায়ন শুরু হবে। টিকিটিং সিস্টেম বন সংরক্ষকের জন্য দীর্ঘমেয়াদী আয়ের উৎস নিশ্চিত করবে।
- বিকল্প আয়ের উৎস: ইতোমধ্যে, বিভিন্ন জায়গায় সরকার ও এনজিও বিভিন্ন জীবিকা সহায়তা প্রকল্পের মাধ্যমে স্থানীয়দের সহায়তা করছে, তাই এই উদ্যোগটি সহজেই সরকার বন বিভাগের মাধ্যমে নিঝুম দ্বীপে প্রয়োগ করতে পারে।
- নবায়নযোগ্য জ্বালানী ব্যবহার: কাঠের পরিবর্তে সোলার কুকার ও বায়োগ্যাস ব্যবহার ইতিমধ্যেই বিভিন্ন স্থানে সফলভাবে বাস্তবায়িত হয়েছে। SDG তহবিলের মাধ্যমে অর্থায়নও সম্ভব এই সেক্টরে।
- ডিজিটালাইজেশন ও ই–গভর্ন্যান্স: সরকার ইতিমধ্যেই ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগ নিয়েছে। তাই কাগজবিহীন অফিস ও ই–গভর্ন্যান্স বাস্তবায়ন করা খুব কঠিন নয়।
উপসংহার ও প্রস্তাবনা
নি:সৃত দ্বীপে বন উজাড় ধীরে ধীরে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এই গবেষণায় সরাসরি ও পরোক্ষ কারণগুলো চিহ্নিত করে কিছু সম্ভাব্য সমাধান প্রস্তাব করা হয়েছে।
- CBFM বাস্তবায়ন: স্থানীয় জনগণকে আয় ভাগাভাগি, টিকিটিং সিস্টেম এবং জীবিকা নিশ্চিতকরণের মাধ্যমে সম্পৃক্ত করলে সম্প্রদায়ভিত্তিক মালিকানা বৃদ্ধি পাবে। ফলে বন উজাড় কমবে এবং পুনঃবনায়ন প্রক্রিয়া শুরু হবে।
- অন্যান্য কার্যক্রম: স্থানীয় গাছ রোপণ, নবায়নযোগ্য জ্বালানীর প্রচার, ই–গভর্ন্যান্স বাস্তবায়ন, বন কর্মকর্তা ও স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা—সব মিলিয়ে নিঃসৃত দ্বীপে বন উজাড় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সারসংক্ষেপে: একীভূত উদ্যোগ ও স্থানীয় সম্পৃক্ততা নিশ্চিত করলে, নিঃসৃত দ্বীপের ম্যানগ্রোভ বন সংরক্ষণ ও পুনঃস্থাপন সম্ভব।
মো: গোলাম রসুল
সহযোগী পরামর্শক
এড্রয়েট এনভায়রনমেন্ট কনসালটেন্টস লিমিটেড